একটি নদী শুধু পানির প্রবাহ নয়, এটি একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও জীবনযাত্রার অংশ। নদীকে ঘিরেই গড়ে ওঠে জনবসতি, জীবিকা, সংস্কৃতি ও মানুষের আবেগ। অথচ মানুষের অসচেতনতা, দখল, দূষণ ও দায়িত্বহীনতায় সেই নদী যখন মৃত্যুর দিকে এগিয়ে যায়, তখন আমরা অনেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করি। এমন বাস্তবতায় যশোরের ভৈরব নদকে ঘিরে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগ আমাদেরকে নদনদী নিয়ে ভাবতে শেখিয়েছে। একজন মানুষের সদিচ্ছা যে একটি বৃহৎ সামাজিক পরিবর্তনের সূচনা করতে পারে, ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
একজন চিকিৎসকের প্রধান দায়িত্ব রোগীর চিকিৎসা করা। কিন্তু চিকিৎসার পাশাপাশি সুস্থ সমাজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার দায়িত্বও যে নাগরিক হিসেবে আমাদের সবার রয়েছে, সেটি যেন নিজের কাজের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন ডা. ঊষা। ভৈরব নদের দূষিত ও কচুরিপানায় আচ্ছাদিত অবস্থা দেখে তিনি শুধু আক্ষেপ করেননি, সমাধানের উদ্যোগ নিয়েছেন। কারও সহযোগিতার অপেক্ষায় না থেকে নিজেই নেমে পড়েছেন নদী পরিষ্কারের কাজে।
শুরুটা মোটেও সহজ ছিল না। তাঁর এই উদ্যোগ নিয়ে নানা ধরনের সমালোচনা, কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য এসেছে। কেউ এটিকে প্রচারের চেষ্টা বলেছেন, কেউ ফটোসেশন বলে উড়িয়ে দিয়েছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, কচুরিপানা পরিষ্কার করলে আদৌ নদীর কোনো উপকার হবে কি না। কিন্তু এসব সমালোচনা তাঁকে থামাতে পারেনি। বরং তাঁর একক উদ্যোগ ধীরে ধীরে পরিণত হয়েছে একটি সম্মিলিত সামাজিক আন্দোলনে।
স্থানীয় মানুষ, চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত নার্স ও ল্যাব টেকনোলজিস্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন। যুক্ত হয়েছেন বিডি ক্লিনের নয়টি জেলার ছয় শতাধিক স্বেচ্ছাসেবী। একজন মানুষের উদ্যোগ কিভাবে শত শত মানুষের অংশগ্রহণে বৃহত্তর জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রূপ নিতে পারে, সেটি এই আয়োজনের অন্যতম বড় শিক্ষা।
এই কাজের পেছনে ছিল শ্রম, ত্যাগ ও আন্তরিকতার কঠিন পরীক্ষা। বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন নদীতে নেমে কচুরিপানা পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবীরা। নদীর তলদেশে থাকা ভাঙা কাচ ও অন্যান্য বর্জ্যের কারণে কেউ কেউ আহতও হয়েছেন। তারপরও তাঁদের মনোবল ভেঙে পড়েনি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি জনপদের পরিবেশ রক্ষায় তাঁদের এই অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
১৪ দিনের নিরলস পরিশ্রমের পর ভৈরব নদের একটি অংশ কচুরিপানামুক্ত হওয়ার দৃশ্য মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। রাতের আকাশে চাঁদের আলো আর নদীর স্বচ্ছ পানিতে তার প্রতিচ্ছবি দেখার যে স্বপ্ন ডা. ঊষা দেখেছিলেন, সেই স্বপ্ন যেন বাস্তবের পথে হাঁটতে শুরু করেছে। দীর্ঘদিনের অবহেলায় বিবর্ণ হয়ে যাওয়া একটি নদী আবারও প্রাণ ফিরে পেতে পারে, এই বিশ্বাসটুকু মানুষের মধ্যে তৈরি হওয়াই উদ্যোগটির বড় সাফল্য।
তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, কচুরিপানা পরিষ্কার করলেই একটি নদী দূষণমুক্ত হয়ে যায় না। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হলে এর তলদেশের পলি, দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানিদূষণের মূল কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে নদীতে বাসাবাড়ির ময়লা, ড্রেনের বর্জ্য ও অন্যান্য দূষিত পদার্থ ফেলা বন্ধ করতে হবে। অন্যথায় আজ যে নদী পরিষ্কার করতে শত শত মানুষ শ্রম দিচ্ছেন, কিছুদিন পর সেটি আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে।
এখানেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব সামনে আসে। স্বেচ্ছাসেবীদের শ্রমকে সাময়িক উদ্যোগ হিসেবে দেখলে চলবে না। তাঁদের এই কাজকে টেকসই করতে প্রয়োজন সরকারি পরিকল্পনা, নিয়মিত তদারকি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নদী রক্ষায় কঠোর আইন প্রয়োগ। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নদীর দেখভালের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আমাদের সমাজে একটি দুর্ভাগ্যজনক প্রবণতা রয়েছে। কেউ ভালো কোনো উদ্যোগ নিলে প্রথমেই আমরা তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি। সহযোগিতার হাত বাড়ানোর আগে সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়ি। অথচ একটি কাজের ভুলত্রুটি থাকলে তা যুক্তি দিয়ে তুলে ধরা যায়, পরামর্শ দেওয়া যায়। কিন্তু ভালো উদ্যোগকে নিরুৎসাহিত করা কোনোভাবেই দায়িত্বশীল নাগরিকের পরিচয় হতে পারে না।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষা এবং বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা আমাদের সামনে সেই পুরোনো সত্যটিই নতুন করে তুলে ধরেছেন- পরিবর্তনের জন্য সব সময় বড় পদ, বড় অর্থ কিংবা সরকারি নির্দেশনার প্রয়োজন হয় না। প্রয়োজন দায়িত্ববোধ, সাহস, আন্তরিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। একজন মানুষ শুরু করতে পারেন, আর সেই উদ্যোগে যুক্ত হতে পারেন শত শত মানুষ।
ভৈরব নদ পরিষ্কারের এই উদ্যোগ তাই শুধু একটি নদী থেকে কচুরিপানা অপসারণের ঘটনা নয়, এটি নাগরিক দায়িত্ববোধ, সামাজিক ঐক্য ও পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই উদ্যোগকে সফল করতে এখন প্রয়োজন ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা।
আমরা চাই, ভৈরব নদের বুকে আবারও স্বচ্ছ পানির প্রবাহ ফিরে আসুক। নদীর তীরে দাঁড়িয়ে মানুষ যেন দূষিত পানির দুর্গন্ধ নয়, প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করতে পারে। একদিন রাতের আকাশের চাঁদ যেন সত্যিই ভৈরব নদের স্বচ্ছ জলে প্রতিফলিত হয়।
ডা. ঊষা ও তাঁর সহযোদ্ধারা কাজের মধ্য দিয়ে যে আশার আলো জ্বালিয়েছেন, সেটি যেন মাঝপথে নিভে না যায়। কারণ একটি নদী বাঁচানো মানে শুধু একটি জলধারা রক্ষা করা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা। এখন প্রশ্ন হলো, ভৈরব নদকে বাঁচানোর এই সামাজিক উদ্যোগের পাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা দায়িত্ব নিয়ে দাঁড়াবে?