নেত্রকোনার কেন্দুয়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের লিখিত অভিযোগের পর হোটেল মালিক গনু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন শিশুটি বাড়িতে ফিরে তার মা বাকেরা বেগমকে বিষয়টি জানায়। এ সময় শিশুটি আতঙ্কিত ছিল। মায়ের দাবি, এর আগেও একই ব্যক্তির মাধ্যমে শিশুটি অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছিল। পাশাপাশি হোটেল মালিক গনু মিয়া বিষয়টি জানার পরও তা গোপন রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় শিশুটির বাবা শহিদ মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছিলেন। স্বামীর অনুপস্থিতিতে বাকেরা বেগম বিষয়টি তার ভাই আবুল বাশারকে জানান। পরে আবুল বাশার হোটেল মালিক গনু মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। বরং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন গনু মিয়া।
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযোগে উল্লিখিত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা থেকে বাড়িতে ফিরে শিশুটির বাবা শহিদ মিয়া কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে অভিযোগ অস্বীকার করে হোটেল মালিক গনু মিয়া দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, হোটেলে তিনি ছাড়া অন্য কোনো কর্মচারী নেই। ঘটনার দিন বিকেল ৪টার দিকে হোটেল বন্ধ করে পাশের মসজিদে আসরের নামাজ আদায় করতে যান তিনি। তার প্রশ্ন, হোটেল তালাবদ্ধ থাকা অবস্থায় বাইরের কোনো ব্যক্তি কীভাবে পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে?
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া ও ইনসান মিয়াও দাবি করেন, ঘটনার সময় হোটেলটি বন্ধ ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অভিযোগে উল্লেখ করা অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত এজাহার (এফআইআর) হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবারের অভিযোগ, হোটেল মালিকের বক্তব্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।