নড়াইলের লোহাগড়ায় আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোভ্যান চালাতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোজ শুরু করেন। বিভিন্ন স্থানে খোজাখুজির একপর্যায়ে রাত দেড়টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার ব্যবহৃত অটোভ্যানটি পাওয়া যায়। তবে চালকের কোনো খোজ পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকালে ওই এলাকার একটি বাড়ির ছাদে হাত বাধা অবস্থায় আজিবারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
তবে কে বা কারা তাকে হত্যা করেছে এবং কীভাবে তার মরদেহ বাড়ির ছাদে পৌছেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে৷ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।