তিন ঘণ্টার সিনেমা, গল্পের গতি বেশ ধীর। তারপরও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। বরং মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই নেটফ্লিক্সের জনপ্রিয়তার তালিকায় শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘পসিবল লাভ’। নির্মাতা লি চ্যাং-দংয়ের এই সিনেমা দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা পাচ্ছে।

শুক্রবার বিকেল ৫টায় নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় প্রথম অবস্থানে উঠে আসে এটি। রবিবার সকাল পর্যন্ত সেই অবস্থান ধরে রাখে ছবিটি। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুটি দম্পতিকে ঘিরে। একটি তথ্যচিত্র নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে তাদের জীবন এক সুতোয় গাঁথা হয়।

এতে চাকরি হারানো এক কারখানাশ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন। অন্যদিকে ধনী এক দম্পতিকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের দায়িত্বে থাকা পরিচালকের ভূমিকায় রয়েছেন চো ইয়ো-জং। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জো ইন-সাং।

QhDiFmV.jpeg

ছবিটি মুক্তির আগে দর্শকদের আগ্রহ তৈরিতে নির্মাতার ২০২২ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’ নেটফ্লিক্সে প্রকাশ করা হয়। ২৮ মিনিটের ওই চলচ্চিত্রের গল্পের সঙ্গে ‘পসিবল লাভ’-এর যোগসূত্র রয়েছে। এতে ধর্মঘটের প্রভাবে একটি পরিবারের জীবনে তৈরি হওয়া সংকট তুলে ধরা হয়েছিল। দুটি ছবিতেই দম্পতির চরিত্রে অভিনয় করেছেন জিওন দো-ইয়ন ও সুল কিয়ং-গুও।

নেটফ্লিক্সে আসার আগে গত ২৩ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার কয়েকটি নির্বাচিত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সিনেমাটি। দুই সপ্তাহের প্রদর্শনীতে কোরিয়ান ফিল্ম কাউন্সিলের হিসাবে ছবিটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক।

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন নির্মাতা লি চ্যাং-দং। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর এটিই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির প্রথম প্রদর্শনী হয়। সেখানে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে সিনেমাটি।

9KFHeMG.jpeg

আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটির সাফল্য অব্যাহত রয়েছে। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে ‘পসিবল লাভ’। এ ছাড়া গথাম অ্যাওয়ার্ডসের তিনটি বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটি। এর মধ্যে সেরা প্রধান অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছেন জিওন দো-ইয়ন।

সিনেমাটির নির্মাণ ও মুক্তি নিয়েও ছিল নানা অনিশ্চয়তা। লি চ্যাং-দং জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে নিয়মিত প্রদর্শনীর জন্য শুরুতে কোনো বিনিয়োগকারী পাওয়া যায়নি। পরে নেটফ্লিক্স ছবিটির সঙ্গে যুক্ত হয়ে প্রেক্ষাগৃহে মুক্তি এবং আন্তর্জাতিকভাবে প্রচারের সুযোগ তৈরি করে দেয়। ফলে স্থানীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি বিশ্বজুড়ে দর্শকদের কাছেও পৌঁছে গেছে ‘পসিবল লাভ’।