নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় অসময়ের বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এই অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ ও কৃষকদের অপূরণীয় ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ, উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অসময়ের বৃষ্টিতে তিন উপজেলার বিভিন্ন বিলের ও নিচু এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে পাকা ধান ও কাটা অবস্থায় থাকা ফসল পানিতে ডুবে যাওয়ায় তা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন প্রান্তিক ও বর্গাচাষিরা।
এক বিবৃতিতে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “সারাদিন-রাত রোদ-বৃষ্টি উপেক্ষা করে হাড়ভাঙা খাটুনি ও কঠোর পরিশ্রমে একজন কৃষক ফসল ফলান। সারা বছরের এই একমাত্র অবলম্বন—পাকা কিংবা কাটা ফসল যখন পানির নিচে তলিয়ে যায়, তখন কেবল ধানই নষ্ট হয় না; বরং শেষ হয়ে যায় কৃষকের সারা বছরের স্বপ্ন, ঘামঝরানো শ্রম এবং পরিবারের মুখে হাসি ফোটানোর আশা।”
তিনি আরও বলেন, “প্রকৃতির এই নির্মমতায় আমাদের অন্নদাতা কৃষকদের আজ পথে বসার উপক্রম হয়েছে। কৃষকদের এই অপূরণীয় ক্ষতি ও চরম দুর্দশার কথা শুনে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এই সংকটময় মুহূর্তে আমি ক্ষতিগ্রস্ত সকল কৃষক ভাই-বোনদের পাশে আছি এবং তাদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।”
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষকদের বাঁচাতে এবং তাদের ঘুরে দাঁড়ানোর পথ সুগম করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর দুঃখপ্রকাশ ও সহমর্মিতা জানিয়েছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।