নারায়ণগঞ্জের রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিল তৈরির মাধ্যমে কৃষকদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি, জাল দলিল প্রস্তুত এবং অনিয়মের মাধ্যমে জমির নামজারি সম্পন্ন করে প্রকৃত মালিকদের জমি থেকে বঞ্চিত করার অভিযোগে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ভুক্তভোগী জমির মালিক এবং এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইছাখালী বালুর মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ পরিষদের আহসানউল্লাহ মাস্টার।
সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট নাজমুল হাসান, ব্যাংকার আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, সার্জেন্ট ইলিয়াস পারভেজ, গোলজার হোসেন, প্রভাষক নুর সালাম, হাফেজ আবদুল বাতেন, নাওড়া গ্রামের প্রবীর সরকার, মাঝিনা গ্রামের আয়নাল হক, বড়ালু পাড়াগাঁও গ্রামের হাজি সিরাজুল ইসলাম এবং কেওঢালা গ্রামের হাসনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য জমির মালিকবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র নানা কৌশলে কৃষক ও সাধারণ জমির মালিকদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ চক্রের বিরুদ্ধে ভুয়া ও জাল দলিল তৈরি, কাল্পনিক ওয়ারিশ সাজানো, জাল কাগজপত্রের ভিত্তিতে নামজারি সম্পন্ন এবং প্রকৃত মালিকদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে বহু পরিবার তাদের বাপ-দাদার রেখে যাওয়া জমির মালিকানা ও দখল নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, জালিয়াতির মাধ্যমে জমির মালিকানা পরিবর্তনের অপচেষ্টা চালিয়ে প্রকৃত মালিকদের জমি থেকে বঞ্চিত করা হচ্ছে। পরবর্তী সময়ে এসব জমি বিভিন্ন আবাসন প্রকল্পের কাছে বিক্রি বা হস্তান্তরের চেষ্টা চলছে। ফলে একদিকে কৃষিজমি ও পৈতৃক সম্পত্তি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে সাধারণ জমির মালিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক হয়রানির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তাঁদের মতে, জমির মালিকানা নির্ধারণ এবং ওয়ারিশসংক্রান্ত তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। প্রকৃত মালিকানা, উত্তরাধিকার সনদ, পূর্ববর্তী দলিল, খতিয়ান ও অন্যান্য প্রয়োজনীয় নথি যথাযথভাবে যাচাই না করে কোনো জমির নামজারি করা হলে তা জালিয়াত চক্রকে উৎসাহিত করতে পারে। বিশেষ করে কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি করে নামজারি সম্পন্নের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি।
প্রতিবাদ সভা থেকে বক্তারা জাল দলিল তৈরির অভিযোগ তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, সন্দেহজনক নামজারি ও মালিকানা পরিবর্তনের নথি পুনরায় যাচাই, অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারাধীন বা বিরোধপূর্ণ জমি নিয়ে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা সতর্ক করে বলেন, কৃষকদের পৈতৃক ভিটেমাটি ও জমির মালিকানা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধারাবাহিকভাবে অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হবে।
প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইছাখালী থেকে শুরু হয়ে পূর্বগ্রাম পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জাল দলিল, ভুয়া ওয়ারিশ সৃষ্টি, অবৈধ নামজারি এবং কৃষকদের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি চার মৌজার জমির প্রকৃত মালিকানা সুরক্ষা, জালিয়াতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।