কালীগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, ‘আওয়ামী লীগ আর শালীন রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। গণতন্ত্রের নামে আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও হত্যার রাজনীতি শুরু করেছে।’
রোববার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
এ কে এম ফজলুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। বর্তমান সরকার অস্থিতিশীল দেশকে স্থিতিশীল করে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ‘অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। এখন সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। যারা অপকর্মে জড়াবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পাল্টা সমুচিত জবাব দেওয়া হবে।’
কালীগঞ্জ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহীম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইয়াসির আকরাম পলাশ ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম সরকার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন সেরু, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান ও সদস্যসচিব হাসানুর রহমান জুয়েলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভা শেষে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।