আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার ২নং নির্মইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বিএনপি নেতা ও সমাজসেবক হারুন অর রশিদ। বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও তাদের মূল্যবান ভোট প্রার্থনা করছেন।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমজীবী ও প্রবীণ মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের চাহিদা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ইউনিয়নকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে হারুন অর রশিদ বলেন, "দীর্ঘ ৩০ বছর ধরে আমি রাজনীতি ও সমাজসেবার মাধ্যমে নির্মইল ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করছি। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী নির্মইল ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি প্রতিটি বাড়িতে গিয়ে মা-বোন ও মুরুব্বিদের দোয়া নিচ্ছি এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করছি।"
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে পুরো নির্মইল ইউনিয়নে হারুন অর রশিদের ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। তার নিয়মিত গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার ফলে ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে বেশ উৎসাহ ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।