পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাট দেবদারুতলায় প্রতিদিন বসছে কোটি টাকার বেচাকেনার আসর। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চারশ টন জলপাই আমদানি হচ্ছে এ হাটে। এর মধ্যে প্রায় ৩০০ টন জলপাই কিনছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। তবে সরবরাহ বেশি থাকলেও বাজারদর কম থাকায় এবার লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দেবীগঞ্জ উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেবদারুতলার এ হাটে প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস চলে জলপাইয়ের জমজমাট বেচাকেনা। পঞ্চগড় ছাড়াও নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে জলপাই নিয়ে আসেন ব্যবসায়ীরা।
হাটে সরাসরি কৃষকের উপস্থিতি তুলনামূলক কম হলেও ক্ষুদ্র ব্যবসায়ী ও আড়তদারদের পদচারণায় মুখর থাকে বাজার। তাঁরা গ্রামের কৃষকদের বাগান ও গাছ কিনে জলপাই সংগ্রহ করে এ হাটে নিয়ে আসেন। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিদের কাছে তা বিক্রি করেন।
তবে এবার জলপাইয়ের বাজারদর গত বছরের তুলনায় অনেক কম। গত বছর আকারভেদে প্রতি কেজি জলপাই ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। এতে সংগ্রহ ও পরিবহন খরচের সঙ্গে বিক্রিমূল্যের সমন্বয় করতে না পেরে লোকসান গুনছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জানান, জলপাইয়ের সরবরাহ থাকলেও প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। ফলে ব্যবসায় বিনিয়োগের তুলনায় লাভ কমে গেছে, অনেক ক্ষেত্রে লোকসানও হচ্ছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিদিন এ হাটে সাড়ে তিন থেকে চারশ টন জলপাই আমদানি হয়। এর মধ্যে বিভিন্ন কোম্পানি ও সাপ্লাইয়াররা প্রায় ৩০০ টন জলপাই কিনে নেন। যার দৈনিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে গড়ে ২৭ হাজার টন জলপাই কেনাবেচা হয়। যার বাজারমূল্য প্রায় ৯০ কোটি টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, প্রতিদিন বিপুল পরিমাণ জলপাই এ হাটে আমদানি ও কেনাবেচা হচ্ছে। স্থানীয় আড়তদারদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিরা সহজেই জলপাই সংগ্রহ করতে পারছেন। এতে কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকেরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আগামী বছর থেকে এ হাটকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, দেবদারুতলার জলপাইয়ের হাট শুধু কেনাবেচার কেন্দ্র নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি ও স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। তবে এ সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং হাটের অবকাঠামোগত উন্নয়ন জরুরি।