নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্দুল ওহাব নামের এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পাঙ্গাশ মাছের পোনা মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন মহল দ্রুত সঠিক তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গগনপুর গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব দীর্ঘদিন ধরে গগনপুর এলাকার নিজ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। সম্প্রতি তিনি ওই পুকুরে পাঙ্গাশ মাছের পোনা অবমুক্ত করেছিলেন এবং নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায়ও সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু কে বা কারা রাতের আধারে বা সন্ধ্যার দিকে পূর্বপরিকল্পিতভাবে ওই পুকুরে বিষ প্রয়োগ করে।
আজ সকালে পুকুরের পাড়ে গিয়ে মাছগুলো মরে ভেসে উঠতে দেখেন মালিক ও স্থানীয়রা। বিষক্রিয়ায় পুকুরের প্রায় সব পাঙ্গাশ মাছের পোনা মারা গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আব্দুল ওহাব।
ক্ষতিগ্রস্ত মালিক আব্দুল ওহাব আক্ষেপ করে বলেন, "কার সাথে আমার এমন শত্রুতা থাকতে পারে যে একটি নিরীহ পুকুরের মাছগুলোকে এভাবে বিষ দিয়ে মেরে ফেলল! আমি নিঃস্ব হয়ে গেলাম। এই ধরনের নিকৃষ্ট কাজের সাথে যারা জড়িত, আমি তাদের দ্রুত শনাক্ত করে আইনের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, মাছের পুকুরে বিষ প্রয়োগ করে নিঃস্ব করার এমন অপরাধ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর সুষ্ঠু তদন্ত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে প্রকৃত অপরাধীরা দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড়ায়।