‘মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মরহুম আলহাজ্ব সাদেক মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ-২০২৬। উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে মহেশপুর বন্ধুমহল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভৈরব ঘোড়াকান্দা ফুটবল একাদশ।
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাপমারা এলাকায় মতিন মেম্বারের বাড়ির পাশে এ খেলার আয়োজন করা হয়। ইতালি প্রবাসী মোঃ পাভেল আহমেদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সৌদি আরব প্রবাসী সমাজসেবক মোঃ মাহমুদুল হাসান মোমেনকে। তবে প্রবাসে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জয়নগর-মহেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মাস্টার, মহেশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ মানিক মিয়া, উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম খন্দকার, বিশিষ্ট দানবীর মোঃ রাসেল মিয়া ও স্পেন প্রবাসী মোঃ বিল্লাল মিয়া।
খেলার উদ্বোধন করেন মহেশপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাহবুব উদ্দিন ও সমাজসেবক মোঃ রইছ উদ্দিন (বশির)। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ মতিন মেম্বার।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভৈরব ঘোড়াকান্দা ফুটবল একাদশ ও মহেশপুর বন্ধুমহল ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলার ফলাফল নির্ধারণে টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভৈরব ঘোড়াকান্দা ফুটবল একাদশ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ কামরুল ইসলাম। ধারাভাষ্যকার হিসেবে মাঠ মাতান ড. এনাম, হাবিব মাস্টার ও মোঃ মনির হোসেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মরহুম আলহাজ্ব সাদেক মেম্বারের স্মৃতিকে স্মরণীয় করে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।