তুর্কি টেলিভিশন সিরিজের জনপ্রিয়তার পর দেশটির চলচ্চিত্রও আন্তর্জাতিক অঙ্গনে দর্শকদের আগ্রহ তৈরি করছে। এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তুরস্কের নতুন ভৌতিক সিনেমা ‘সয়’। আগামী ১৩ নভেম্বর থেকে দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সম্প্রতি তুরস্কে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।
অতিপ্রাকৃত ও ভৌতিক ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি ও রহস্যময় এক প্রাসাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প।
সিনেমাটিতে প্রাচীন মিসরের অভিশাপের সঙ্গে আধুনিক তুর্কি গল্পের মেলবন্ধন ঘটানো হয়েছে। একটি নির্জন প্রাসাদকে ঘিরে তৈরি হয়েছে ভীতিকর পরিবেশ। অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা এবং বংশপরম্পরায় বয়ে চলা অশুভ শক্তি গল্পের গুরুত্বপূর্ণ উপাদান।
পারিবারিক গোপন ইতিহাস ও মনস্তাত্ত্বিক ভয়ের পাশাপাশি রহস্যময় প্রাসাদের পরিবেশ সিনেমাটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। তুর্কি হরর সিনেমার প্রচলিত জিন-নির্ভর গল্পের বাইরে প্রাচীন মিসরের অভিশাপ ও পারিবারিক রহস্যের উপস্থাপন ‘সয়’কে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।
তুর্কি সিনেমার প্রতি বাংলাদেশের দর্শকদের আগ্রহের মধ্যে নতুন এই চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।