অভিষেক ম্যাচেই বল হাতে চমক দেখালেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান। তার দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
শুক্রবার পার্থ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে ৩৩ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধস নামান অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যান। ৭ দশমিক ৪ ওভার বল করে মাত্র ২৪ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী এই পেসার। স্পেন্সার জনসন নেন ৩ উইকেট। জাভিয়ের বার্টলেটের শিকার একটি উইকেট।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন গাস অ্যাটকিনসন। এ ছাড়া টম ব্যান্টন ২৫, উইল জ্যাকস ২৫ এবং জো রুট ১৭ রান করেন।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড দ্রুত ফিরে গেলেও অধিনায়ক মিচেল মার্শ ও কুপার কনোলি দলকে জয়ের পথে এগিয়ে নেন।
মার্শ ৩০ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। কনোলি করেন ৩০ বলে ২৭ রান। পরে জশ ইংলিশ ও ম্যাট রেনশ অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইংলিশ ২৩ এবং রেনশ ২৬ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে জেমি ওয়েভারটন, গাস অ্যাটকিনসন ও জফরা আর্চার একটি করে উইকেট নেন।
অভিষেক ম্যাচেই ছয় উইকেট নিয়ে ম্যাচের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিয়ার্ডম্যান। তার বোলিং নৈপুণ্যে সিরিজের শুরুতেই দাপুটে অবস্থান তৈরি করল অস্ট্রেলিয়া।