জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। সরকারের বিপুল বিনিয়োগের পরও এর সুফল সাধারণ মানুষের কাছে প্রত্যাশিত মাত্রায় পৌঁছাচ্ছে না। এ অবস্থার পরিবর্তনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।
শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য তা বহন করা কঠিন।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক ও চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়েও অনেক ক্ষেত্রে চিকিৎসকের সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অনভিজ্ঞ বা হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।
প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে মানুষের সেবা করার মানসিকতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্য খাতের অনেক সমস্যাই দূর করা সম্ভব।
পেশাজীবীদের সংগঠনকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে ব্যাপক পরিবর্তনের প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন চায়। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আন্তর্জাতিক এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তার পাশাপাশি ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।