ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া উচিত নয়। বরং প্রকৃত ভালোবাসার সম্পর্কে নিজের পরিচয় অক্ষুণ্ন রাখার সুযোগ থাকা জরুরি। সম্পর্ক, বিচ্ছেদ ও মানসিকভাবে ঘুরে দাঁড়ানো নিয়ে এমনই অভিমত জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুর-এ-ফিশান সেলিম।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এ জারিয়াব চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে চরিত্রটির বিভিন্ন সিদ্ধান্ত, প্রেম, আত্মসম্মান, ধর্মীয় বিশ্বাস ও অভিনয়জীবনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।

দুর-এ-ফিশানের মতে, একজন স্বাধীন ও স্বাবলম্বী নারী এমন কাউকে খোঁজেন না, যিনি তার জীবন পূর্ণ করবেন। বরং এমন একজন মানুষকে চান, যার সঙ্গে নিজের গড়ে তোলা জীবন ভাগ করে নেওয়া যায়।

তিনি বলেন, সবচেয়ে সুন্দর ভালোবাসা হলো এমন সম্পর্ক, যেখানে কোমল আচরণ ও ভালোবাসা পাওয়ার জন্য সব সময় নিজেকে শক্ত প্রমাণ করতে হয় না।

সম্পর্কে সমঝোতার প্রয়োজনীয়তা স্বীকার করলেও এর পেছনের কারণকে গুরুত্বপূর্ণ মনে করেন অভিনেত্রী। তার মতে, পারস্পরিক বোঝাপড়া থেকে সমঝোতা হচ্ছে, নাকি কাউকে হারানোর ভয়ে—তা ভেবে দেখা প্রয়োজন। প্রত্যাশার সঙ্গে মানিয়ে নেওয়া আর নিজের মূল্যবোধ বিসর্জন দেওয়া এক বিষয় নয়।

বিচ্ছেদ মানেই ভুলে যাওয়া নয়

জারিয়াব চরিত্রে অভিনয় করতে গিয়ে বিচ্ছেদ ও মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নতুন করে উপলব্ধি করেছেন দুর-এ-ফিশান। তার মতে, সামনে এগিয়ে যাওয়ার অর্থ অতীতের মানুষটিকে সম্পূর্ণ ভুলে যাওয়া নয়। বরং সেই অভিজ্ঞতাকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে নিজের পথচলা অব্যাহত রাখা। অভিনেত্রীর ভাষায়, মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার অর্থ হলো অতীতের দিকে ফিরে তাকিয়েও সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা না থাকা।

জারিয়াবকে নিয়ে সমালোচনার জবাব

‘দার-এ-নিজাত’ নাটকে জারিয়াবের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। কেউ কেউ চরিত্রটিকে পশ্চাৎপদ বলেও মন্তব্য করেছেন। তবে দুর-এ-ফিশানের মতে, একটি চরিত্রকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। কোনো একটি ব্যাখ্যাকেই চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়।

তিনি জানান, জারিয়াবকে নিখুঁত চরিত্র হিসেবে উপস্থাপন করা তার উদ্দেশ্য ছিল না। বরং ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার পর একজন নারী কীভাবে নিজেকেই দোষারোপ করেন, নিজের মূল্য ভুলে যান এবং পরিচয় নিয়ে দ্বিধায় পড়েন, সেটি তুলে ধরতে চেয়েছেন। তার মতে, কোনো চরিত্রের কষ্ট তুলে ধরা মানেই সেই কষ্টকে সমর্থন করা নয়। বরং মানুষ কেন এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়, তা বোঝার চেষ্টা করাই গল্প বলার অন্যতম উদ্দেশ্য।

অভিনয়ে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়

পাকিস্তানের টেলিভিশন নাটক বিপুলসংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করেছে বলে মনে করেন দুর-এ-ফিশান। তবে ভিন্নধর্মী গল্প, জটিল চরিত্র ও বিকল্পধারার নির্মাণে কাজের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

ভবিষ্যতে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে শুধু মাধ্যম পরিবর্তন নয়, নতুন ধরনের গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাই তার মূল লক্ষ্য। পাকিস্তানের টেলিভিশন শিল্পে চ্যানেলগুলোর অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং স্বাধীন প্রযোজকদের কাজের সুযোগ কমে যাওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

দুর-এ-ফিশান জানান, পরবর্তী বড় সাফল্যের পেছনে ছুটে বেড়ানোর চেয়ে দীর্ঘস্থায়ী ও অর্থবহ অভিনয়জীবন গড়ে তুলতেই বেশি আগ্রহী তিনি। তার কাছে সাফল্য মানে নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়া, বাড়তি চাপ তৈরি হওয়া নয়।

সূত্র: খালিজ টাইমস