জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে ইইউর আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির গাছ।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার বায়ুদূষণ কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও ইইউ প্রতিনিধিকে অবহিত করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা তুলে ধরে ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ইইউর সহযোগিতা চান তিনি। প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানীয় জলের সংকট জলবায়ু পরিবর্তনের কারণে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব সমস্যা মোকাবিলায় অভিযোজন প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

এ সময় ইইউর প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, জলবায়ু অর্থায়নে বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে এবং ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩৪ সালের প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্যবিষয়ক কার্যক্রমে ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা রাখার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ইইউ প্রতিনিধি আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এর মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প প্রণয়ন ও প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নেও ইইউ সহযোগিতা করছে বলে জানান তিনি। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবটি ব্রাসেলসে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার আশ্বাসও দেন ইইউ প্রতিনিধি।

বৈঠকে জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকায় ইইউ প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।