আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগিজরা। শনিবার (১৪ নভেম্বর) ব্রাগায় অনুষ্ঠিত ম্যাচে ডেনমার্কের হয়ে জোড়া গোল করেন রাসমুস হইলুন্দ। এছাড়া পিয়েরে-এমিল হইবিয়ার্গ ও জোয়াকিম অ্যান্ডারসেন একটি করে গোল করেন। পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন বার্নার্দো সিলভা।
ম্যাচের আগে রোনালদোকে বিদায় জানাতে ব্রাগায় ছিল বিশেষ আয়োজন। জাতীয় সংগীতের সময় পর্তুগালের খেলোয়াড়দের গায়ে ছিল রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি লেখা বিশেষ পোশাক। গ্যালারিতে সমর্থকেরা ‘ওব্রিগাদো, ক্যাপিতাও’—অর্থাৎ ‘ধন্যবাদ, অধিনায়ক’ লেখা ব্যানার প্রদর্শন করেন। রোনালদোর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগের ট্রফি হাতে তোলার ছবিও ছিল সেখানে। তবে বিদায়ী আয়োজন শেষ পর্যন্ত রূপ নেয় হতাশায়।
ম্যাচের প্রথমার্ধে বৃষ্টির মধ্যেও বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পর্তুগাল। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন হইবিয়ার্গ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হইলুন্দ। ডান দিক থেকে আসা ক্রসে রক্ষণভাগের আড়াল থেকে বেরিয়ে জোরালো ভলিতে বল জালে পাঠান তিনি। সাত মিনিট পর আবারও গোল করেন এই স্ট্রাইকার। পাল্টা আক্রমণে রেনাতো ভেইগাকে কাটিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরাস্ত করেন হইলুন্দ।
৭৫ মিনিটে ডেনমার্কের হয়ে চতুর্থ গোলটি করেন অ্যান্ডারসেন। ফ্রি-কিক থেকে আসা বলে দুর্দান্ত হেডে পর্তুগালের জালে বল পাঠান তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ করে পর্তুগাল। গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল কাছ থেকে জালে পাঠান বার্নার্দো সিলভা। তবে শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডেনমার্ক।
এই হারের পরও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক। নরওয়ের সংগ্রহ ৬ এবং ওয়েলসের ৩ পয়েন্ট।
এদিকে একই গ্রুপের অন্য ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। অসলোতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের হয়ে গোল করেন আন্তোনিও নুসা, আন্দ্রেয়াস শেলদেরুপ ও আর্লিং হালান্ড। ওয়েলসের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড ব্রুকস।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে। এরপর বদলি হিসেবে মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন শেলদেরুপ। ৭৯ মিনিটে ব্রুকস ওয়েলসের হয়ে একটি গোল শোধ করলেও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন হালান্ড।
লিগ পর্বে বাকি রয়েছে আর এক রাউন্ডের খেলা। মঙ্গলবার ওয়েলসের মাঠে খেলবে পর্তুগাল। একই দিনে নরওয়েকে আতিথ্য দেবে ডেনমার্ক। শীর্ষস্থান ধরে রাখতে ওই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে পর্তুগালের।