দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে জেলা শহরের সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী স্থানীয় খেলাধুলার উৎসব। পাশাপাশি নতুনকুঁড়ি স্পোর্টসের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ এবং সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সফর ও ক্রীড়া উৎসব সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজনকে ঘিরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে সভায় সুনামগঞ্জ জেলার পাঁচজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফর এবং স্টেডিয়ামে ক্রীড়া উৎসব সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর ও ক্রীড়া উৎসব সফল করতে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জেলার পাঁচ সংসদ সদস্যকে নিয়ে প্রস্তুতিমূলক বৈঠকে বসবেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জ সফর করবেন। এ উপলক্ষে জেলা শহরের স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। পাশাপাশি নতুনকুঁড়ি স্পোর্টসের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক সমাবেশেও বক্তব্য রাখেন।
দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সুনামগঞ্জ সফরকে ঘিরে হাওরাঞ্চলের এই জেলায় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।