সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ ও তৃণমূলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি এই বিশেষ দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ডিসেম্বরকে কেন্দ্র করে সারাদেশব্যাপী যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিএনপির হাইকমান্ড এবং যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় তিনি ঝিনাইদহে সর্বাত্মক সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ চালাবেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর আসাদুজ্জামান আসাদ তাঁর কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত দল ও সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা প্রতিহত করতে ঝিনাইদহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রাজপথে থেকে কঠোর অবস্থান নেবেন।
আসাদুজ্জামান আসাদ ছাত্ররাজনীতি থেকেই অত্যন্ত পরিচিত ও পরীক্ষিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে অতীতে দায়িত্ব পালন করেছেন।
বিগত সরকারের আমলে রাজপথের আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেয়ায় তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই নেতা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত কর্মী ও সার্বক্ষণিক রাজনৈতিক সঙ্গী হিসেবে সুপরিচিত। দলের কঠিন দুঃসময়ে তাঁর আপোসহীন ভূমিকার কারণে নেতাকর্মীদের কাছে তিনি ‘জিয়া পরিবারের ভ্যানগার্ড’ হিসেবে সমাদৃত।
ঝিনাইদহের দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, তাঁর মতো একজন অভিজ্ঞ ও রাজপথের পরীক্ষিত নেতার তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও গতিশীল হবে।