ভারতের বর্তমান সরকারের পরিবর্তন চান অভিনেতা প্রকাশ রাজ। তবে বাংলাদেশ বা নেপালের মতো গণবিক্ষোভের মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) ইন্ডিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দিল্লিতে ‘তিরাঙ্গা মার্চ’ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীদের আটকের ঘটনায় নিন্দা জানান প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না করে সরকার শক্তি প্রয়োগের পথ বেছে নিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
প্রকাশ রাজ বলেন, ভারত বাংলাদেশ বা নেপাল নয়। দেশটির জনগণের হাতে সংবিধান ও ভোটাধিকার রয়েছে। মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগত সিংয়ের আদর্শও ভারতের গণতান্ত্রিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের বলপ্রয়োগেরও সমালোচনা করেন এই অভিনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরাঙ্গা’ স্লোগানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা হাতে তরুণেরা প্রতিবাদে নামলে তাঁদের বাধা দেওয়া হবে কেন?
প্রকাশ রাজের মতে, বলপ্রয়োগ করে মানুষের প্রতিবাদের অধিকার দমন করা যায় না। এ বিষয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলোর সোচ্চার হওয়া উচিত। পাশাপাশি কৃষক সংগঠন ও নাগরিক সমাজের অংশগ্রহণে আন্দোলন আরও জোরালো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে