মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সারবোঝাই একটি ভ্যান থেকে ১১ বস্তা সার জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত সাব-ডিলারের নাম হাবিবুর রহমান হবি। তিনি দৌলতপুরের দীপু ট্রেডার্সের সাব-ডিলার।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ১১ বস্তা সারবোঝাই ভ্যানটি স্থানীয় কৃষক ও লোকজনের নজরে এলে তাঁরা সেটি আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।