শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করার লক্ষ্যে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে নওগাঁ জেলার সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার আওতাধীন সীমান্ত হতে ০৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫ টি এবং জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার উপজেলার আওতাধীন সীমান্ত হতে ০৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬টিসহ ৪১টি এবং ব্যাটালিয়ন সদর হতে ০৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৪টিসহ সর্বমোট ৫৫টি পূজামণ্ডপে গত ১০ অক্টোবর ২০২৬ হতে ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া আগামী ১৬ অক্টোবর ২০২৬ হতে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে। এ সময় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিয়মিত টহল পরিচালনা এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে থাকবে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”