ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি, খ্যাতনামা সিনিয়র সাংবাদিক আমীর খসরুর মৃত্যুতে তার নিজ জেলা শহর পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাতে শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে ‘ক্লাব ফিফটি প্লাস’ নামের একটি বন্ধু সংগঠনের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অ্যাড.আহসানুল কবির বাদলের সভাপতিত্বে এবং মিজানুর রহমান থোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চান, জ্যেষ্ঠ সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন, দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ, অ্যাড. সমর কৃষ্ণ লিটু, ডা. সুখরঞ্জন দাস, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান ও সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শোকসভায় বক্তারা বলেন, আমীর খসরু ছিলেন দেশের একজন খ্যাতনামা, অভিজ্ঞ ও সাহসী সাংবাদিক। সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে তিনি দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেছিলেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তার কর্মময় জীবনের গুরুত্ব ও পেশাগত অবদানের স্বীকৃতি বহন করে।
বক্তারা আরও বলেন, আমীর খসরু ছিলেন দৃঢ়চেতা ও পেশার প্রতি নিষ্ঠাবান একজন সাংবাদিক। নিজের চিন্তা ও আদর্শের প্রতি অবিচল থেকে তিনি সাংবাদিকতা ও লেখালেখিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করার পাশাপাশি তিনি ‘সাপ্তাহিক বুধবার’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। তার কর্ম ও পেশাগত অবদান তাকে দীর্ঘদিন মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে।
বক্তারা বলেন, আমীর খসরুর পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক। সেই পরিবারের সন্তান হিসেবে আমীর খসরুও নিজ মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি ও কর্ম চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা মরহুম আমীর খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।