জেলার সদর উপজেলার কীর্তনখোলা ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে এসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা ১০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযানকালে ইউএনও মোছা. ফরিদা সুলতানা জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। এ নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য অফিস জানিয়েছে, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে অবৈধ মাছ শিকার বন্ধ এবং নিষিদ্ধ জালের ব্যবহার প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।