ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে ফেনী সদর উপজেলা প্রশাসন। ২২ অক্টোবর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার দুপুর ১২:৩০ টা থেকে দুপুর ১:৪৫ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্যতালিকা ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখা এবং কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক ও সচেতন করা হয়।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ ও হালনাগাদ না রাখার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একজন ব্যবসায়ীকে ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফাহমিদা আক্তার। অভিযান চলাকালে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ফেনী সদর উপজেলা প্রশাসন কর্তৃক এই ধরণের ঝটিকা মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।