নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নওগাঁ সদর থানা পুলিশ এক সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৯৪ (চুরানব্বই) পিস নিষিদ্ধ ও অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর, ২০২৬) রাত ১০:৩০ ঘটিকায় নওগাঁ সদর থানাধীন ০২ নং কীর্ত্তিপুর ইউনিয়নের অন্তর্গত দাসকান্দি (মধ্যপাড়া) গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ হেলাল হোসাইন (৩২)। সে দাসকান্দি (মধ্যপাড়া) গ্রামের মোঃ আনসার আলী ও মোছাঃ হেলেনা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি চৌকস দল দাসকান্দি মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হেলাল হোসাইনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৯৪ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।