মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াসিন (২২) ও বাবলু (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি মৌহালী থেকে বরংগাইল হাটে যাওয়ার পথে ঢাকাগামী সেলফী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান অপরজন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের বাসের বিরুদ্ধে আগেও দুর্ঘটনা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। গত ২৮ আগস্ট মানিকগঞ্জ সদর উপজেলার পখুরিয়া স্টোন ব্রিকস এলাকায় সেলফী পরিবহনের একটি বাসের ধাক্কায় জুবায়ের হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ ঘটনার পর গত ২ সেপ্টেম্বর সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি দেয় সচেতন নাগরিক সমাজ। স্মারকলিপিতে পরিবহনটির বিরুদ্ধে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এরপরও একই মহাসড়কে সেলফী পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে দুই যুবকের প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবহনটির বিরুদ্ধে আগের অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ কতটা নিশ্চিত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে