রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সাজেককে কেন্দ্র করে কী ঘটছে, তা সঠিকভাবে নিরূপণ করা জরুরি। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। উল্লেখ্য, সাজেকে পাহাড়ের দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ত্রিপুরা শিশু শিক্ষার্থী আহত হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে একের পর এক অবরোধের কারণে পর্যটকেরা সাজেক ছেড়ে যান। প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।