সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ ঘটনায় নিজ দেশের নাগরিকদের জীবন ও অধিকার রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন সিপিবির নেতারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তাঁরা। সমাবেশ থেকে বিদেশে প্রবাসীদের মৃত্যুর প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তির উদ্যোগ এবং প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের বিস্তারিত তথ্য সরকারের জানা থাকা প্রয়োজন ছিল। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে তারা কিছুই জানত না।

বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, নাগরিকদের জীবন রক্ষায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।

প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন সিপিবির সাধারণ সম্পাদক। বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার সুরক্ষায় কার্যকর কূটনৈতিক তৎপরতা, আইনি সহায়তা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। তিনি বিদেশে আটক ও কারাবন্দী বাংলাদেশিদের তালিকা তৈরির পাশাপাশি রাষ্ট্রীয় খরচে তাঁদের আইনি সহায়তা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিয়মিত কারাগার পরিদর্শন এবং বন্দীদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাগীব আহসান বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তির জন্য সরকারকে জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ফজলুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।

সমাবেশ শেষে সিপিবির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।