সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এ বিষয়ে বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
বুধবার (২১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজের সংসদীয় আসন ভোলা-১-এর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের মালিকদের সঙ্গেও আলোচনা চলছে, যাতে কীভাবে বিষয়টি এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়।
তিনি বলেন, আইন সংশোধনের ক্ষেত্রে সাংবাদিক, সরকার ও সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে সামনে ইতিবাচক কিছু আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি এ বিষয়ে কথা বলে আসছেন। এবার হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা উদযাপনকারীদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্টদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
নিজের পর্যবেক্ষণ তুলে ধরে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত তাঁর চোখে কোনো অপ্রীতিকর ঘটনা পড়েনি। আনন্দমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের ধর্মীয় উৎসব পালন করছেন।
নেত্রকোণায় এক সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান পার্থ বলেন, শুধু সাংবাদিক নয়, যেকোনো ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা ঘটে থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দ্বীপ জেলা ভোলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১১৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।