রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের বুলবুল মিয়া ও খাদিজা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি তার নানার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলনা গাড়ি নিয়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত খেলনা গাড়িটি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে স্বজনদের অগোচরে ডোবা থেকে খেলনা গাড়িটি তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা।
সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির পাশের ডোবা থেকে খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।