রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর সন্দেহ করেন। তাঁরা তাঁর হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানান এসআই রিমন মিয়া।
পরে ক্ষুব্ধ স্বজনেরা তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আলম শেখের মরদেহ উদ্ধার করে। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
এসআই রিমন মিয়া জানান, আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। মরদেহ বুঝে নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ।