বরগুনার পাথরঘাটায় জাতীয় সংসদের চিফ হুইপের কঠোর নির্দেশনার পর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটক ২১ জনের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের নিচে, ১২ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং বাকি ২ জন ২৫ বছরের বেশি। তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মনি। সভায় তিনি পাথরঘাটা থেকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ওসিকে কঠোর নির্দেশনা দেন।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলীম বলেন, "মাননীয় চিফ হুইপ মহোদয় পাথরঘাটাকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত দেখতে চেয়েছেন। পুলিশ সুপার মহোদয়েরও আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২১ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।"