নওগাঁ-রাজশাহী সীমান্তবর্তী এলাকায় ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন’ মর্মে মাইকিং ও ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়ার ঘটনায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ এবং এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট, পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নওগাঁ-রাজশাহী বর্ডার এলাকার খোলা মাঠের রাস্তায় ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন’ মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি গত রাতে নওগাঁ জেলা পুলিশের নজরে আসার পরপরই আসামিদের ধরতে তাৎক্ষণিক অভিযানে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান ও গ্রেপ্তার
পুলিশের অভিযানে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করা হয়। মোঃ শহিদুল ইসলাম শহীদ (৪৩): পিতা মৃত আব্দুল জলিল প্রামাণিক, মাতা মৃত মোসাঃ লতিফুন নেছা; সাং- রাঙ্গামাটিয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ। তিনি ১২ নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাইকিংয়ের বিষয়টির সম্পর্কে পূর্বে থেকেই অবগত ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। অভিযানে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করার পাশাপাশি অটোরিকশায় বসে থাকা তারেক নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরেক নেতা গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে একই রাতে নিষিদ্ধ সংগঠনের আরও এক নেতাকে গ্রেপ্তার করা হয়।
মোঃ আব্দুল জলিল সরকার (৫০): পিতা মৃত গমা সরকার, মাতা মৃত ছানেরা বেগম; সাং- নবগ্রাম তালাপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ। তিনি মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে কিংবা গুজব ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। ঘটনাটিতে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।