সড়ক দুর্ঘটনা কমানো ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। রুট পারমিট ছাড়া যানবাহন চলাচল বন্ধ, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল নিয়ন্ত্রণ এবং হেলপারদের দিয়ে গাড়ি চালানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কের ত্রুটি চিহ্নিত করে তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
সভায় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন ও চালকদের নিয়মের মধ্যে আনতে হবে। বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। বৈধ রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে পারবে না। একই সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালানোর সুযোগ দেওয়া যাবে না। হেলপারদের দিয়ে গাড়ি চালানোর প্রবণতাও বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালক কিংবা যানবাহনের অনিয়ম দায়ী নয়; সড়কের বিভিন্ন ত্রুটিও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ কারণে সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করা জরুরি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিন।
এ সময় বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।