মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ শুরু হয়েছে। এসব কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। শনিবার (২৪ অক্টোবর) সড়কগুলোর উন্নয়নকাজের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় বাসিন্দাদের কাছে রাস্তাঘাটের উন্নয়ন অন্যতম প্রধান দাবি ছিল। সেই দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সড়কগুলোর কাজ শুরু করা হয়েছে। উন্নয়নকাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হচ্ছে কি না, তা স্থানীয় বাসিন্দাদের নজরদারিতে রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নকাজ বাস্তবায়নে দলাদলি পরিহার করে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
যে তিনটি সড়কে কাজ হচ্ছে
উন্নয়ন ও সংস্কারকাজের আওতায় রয়েছে তরা ব্রিজ থেকে গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।
এর মধ্যে তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়কের ১ হাজার ৭০০ মিটার অংশের উন্নয়নকাজে ব্যয় হবে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার বেশি। সড়কটির প্রস্থ ১২ ফুট। আগামী বছরের ৩০ মে নাগাদ কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়কের এক কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ১৪ হাজার টাকার বেশি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়কের ১ হাজার ৪৮০ মিটার অংশ সংস্কার করা হবে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ০৫ মিটার। এ কাজে ব্যয় হবে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার বেশি। আগামী বছরের ২৭ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
পর্যায়ক্রমে উন্নয়নের আশ্বাস
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জের বিভিন্ন এলাকার উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা জানান। সম্পদের সীমাবদ্ধতার কারণে সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হলেও প্রয়োজন অনুযায়ী উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।