খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৬ অক্টোবর বিকেল ৩টার পর আসলাম সিকদার নামের এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে তাকে এই হুমকি দেন। এ ঘটনায় স্থানীয় চিকিৎসকমহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সংগৃহীত তথ্য অনুযায়ী, অভিযুক্ত আসলাম সিকদার (+880 1950-999178) নম্বর থেকে ফোন করে কোনো পূর্ব আলোচনা বা কারণ ছাড়াই সরাসরি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, "হয় অর্থ, নয় রক্ত"—এই দুটির যেকোনো একটি তাকে দিতে হবে। এ ধরনের প্রকাশ্য প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন ওই সরকারি কর্মকর্তা।
ডা. আহসানারা বিনতে আহমেদ ফোনকলের পরপরই তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া আচরণ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই কর্মক্ষেত্রে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি সহায়তা পেতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, সরকারি দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের ওপর এমন হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ ও চিকিৎসকরা। তারা অবিলম্বে অভিযুক্ত আসলাম সিকদারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।