জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ১১ দলীয় জোটের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মহিউল ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এলেও গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করছে না। জনগণকে সঙ্গে নিয়েই সেই রায় বাস্তবায়ন করা হবে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারত্ব চলছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম।

এ ছাড়া বক্তব্য দেন নওয়াপাড়া পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী গোলাম মোস্তফা, অভয়নগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মহিউল ইসলাম, খেলাফত মজলিসের অভয়নগর উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জামায়াত, ১১ দলীয় জোটের শরিক দল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।