সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা পুলিশ ও বিজিবি।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) পরিচালিত এই টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমআরএস আলিফ।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেভ মেশিন ব্যবহার করার অপরাধে দুটি স্টিলবডি আটক করা হয়। পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্টদের ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলিফ জানান, যাদুকাটা নদী ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অভিযান ও টাস্কফোর্সের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।