জয়পুরহাটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ আতিয়ারা আকতার, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দীনসহ বিচার বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
কনফারেন্সে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।পাশাপাশি বিচারিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, মামলার তদন্ত ও নিষ্পত্তি প্রক্রিয়া সহজীকরণ, আদালতে সময়মতো প্রয়োজনীয় প্রতিবেদন দাখিল এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিচারিক কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।