প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বড় ধরনের ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি, অর্থাৎ প্রতিষ্ঠান দুটিতে পাসের হার শতভাগ শূন্য।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। শিক্ষা বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় বন্দর উপজেলার সার্বিক ফলাফল সন্তোষজনক নয়। উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান—নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও গিয়াসউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই এবার কৃতকার্য হতে পারেননি, যা স্থানীয় শিক্ষাঙ্গনে তীব্র আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহার কারণেই এমন ফলাফল বিপর্যয় ঘটেছে। এই কলেজগুলোর এমন ফলাফলের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষা বোর্ড কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।