মোঃআলামিন হোসেন তাড়াশ, উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতি গ্রাম থেকে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা খৈচালা বিলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নাঈম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে তারা শোকাহত হয়ে পড়েন।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শামীম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে মাদক (গাঁজা) বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামীম দাবি করেছেন, উদ্ধার হওয়া অটোরিকশাটি তিনি কিনেছেন। তার ভাষ্য অনুযায়ী, গাড়িটি কেনার সময় এতে কোনো ব্যাটারি ছিল না এবং তিনি নগদ ৮ হাজার টাকা পরিশোধ করেন, বাকি ১২ হাজার টাকা পরে দেওয়ার কথা ছিল।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।