রুয়েট প্রতিনিধি:
আন্তর্জাতিক প্রযুক্তির মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন। 'Huawei ICT Competition 2025–2026'-এর গ্লোবাল ফাইনালে তিনি প্রথম স্থান অধিকার করে এক অনন্য গৌরব অর্জন করেছেন।
২০১৫ সালে যাত্রারম্ভের পর থেকে হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিগত আসরে পরিণত হয়েছে। এটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা অত্যাধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং উদ্ভাবনী চিন্তার প্রসারে সহায়ক। চীনে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্তর্ভুক্ত এই প্রতিযোগিতাটি ইউনেস্কো গ্লোবাল স্কিলস একাডেমির একটি অন্যতম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এই প্রতিযোগিতার 'টিচিং কম্পিটিশন' ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন অধ্যাপক সৃজন।
নিজের এই সাফল্য প্রসঙ্গে অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন জানান, শিক্ষক হিসেবে এটি তার দ্বিতীয়বারের মতো অর্জিত বিশেষ সম্মাননা। এছাড়া, টানা দুই বছর ধরে বাংলাদেশ থেকে একমাত্র ‘মোস্ট ভ্যালুয়েবল ইনস্ট্রাক্টর’ (MVI) হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন।
সাফল্যের পেছনের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, "এবারের আসরটি ছিল বেশ কঠিন। একাডেমিক উপকরণের মান শিল্প পর্যায়ে উন্নীত করা, নানা দাপ্তরিক দায়িত্ব এবং পারিবারিক ব্যস্ততার মধ্যেও শেষ মুহূর্তে প্রজেক্ট সম্পন্ন করতে হয়েছে। সব প্রতিকূলতা পেরিয়ে এই জয় পাওয়াটা সত্যিই আনন্দের।"
তিনি তার এই অর্জনের কৃতিত্ব পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দিয়েছেন। বিশেষ করে প্রতিকূল সময়ে সার্বক্ষণিক অনুপ্রেরণা ও সহযোগিতার জন্য তিনি তার সহধর্মিণীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষজ্ঞদের মতে, রুয়েট শিক্ষকের এই বিশ্বজয় শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও উদ্ভাবনী হতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের অনুপ্রাণিত করবে।