পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

Date: 2026-04-30
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ছয়টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদ নগড় এলাকায় মিলগেট বাজার-ফুলতলা সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। 
নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ছয়টার দিকে পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আইনজীবী সোলায়মান হক। পথিমধ্যে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর মাথাকে সড়কের সাথে পিষ্ট করে দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন তিনি। ঘটনার পরপরই স্থানীয় ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করা সহ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments