মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে ১১৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তবর্তী কসবা এলাকা থেকে একটি বড় গাঁজার চালান এনে জাকির হোসেন তার বাড়িতে মজুদ করেছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাব সদস্যরা সবজি বিক্রেতা ও হকারের ছদ্মবেশে জাকিরের বাড়ির আশপাশে অবস্থান নেন। পরে নিশ্চিত হয়ে বাড়িতে অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়।
র্যাবের দাবি, আটক জাকিরের দেওয়া তথ্য অনুযায়ী তার দোকানঘরের পেছনে শুকনো লতাপাতার নিচে লুকিয়ে রাখা পাঁচটি বস্তা থেকে মোট ১১৬ কেজি গাঁজা উদ্ধার করে।
আটক জাকির হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেজাগাঁও এলাকার বদর আলীর ছেলে।
এ বিষয়ে সিনিয়র এএসপি তপন সরকার সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত গাঁজা ও আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে এবং জব্দকৃত আলামত বাজিতপুর থানায় হস্তান্তর করা হবে।