আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

Date: 2026-06-02
news-banner

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজা–এর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মঙ্গলবার (২ জুন) সকাল পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

মামলার বাদী এবং এমপি আমির হামজার শ্যালক আবু বক্কর জানান, মহেশপুর থেকে আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তাঁর বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হন। হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির পথরোধ করে।

আবু বক্করের দাবি, বারবার হর্ন দেওয়ার পরও রাস্তা ফাঁকা না হওয়ায় গাড়িচালক ইজিবাইকচালকের সঙ্গে কথা বলতে নিচে নামেন। এ সময় ইজিবাইকচালক দুঃখ প্রকাশ করলেও হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে হামলা চালায়। তিনি নিজের পরিচয় দিয়ে সংসদ সদস্যের শ্যালক বলে জানালে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে।

তিনি আরও অভিযোগ করেন, তাঁর বোন গাড়ি থেকে নেমে এলে তাকেও এবং সংসদ সদস্য আমির হামজাকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

হামলায় আবু বক্কর ও গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে। মামলায় হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তাঁর ছেলে শাহরিয়ার এবং শ্যালক রিমনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তরা হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শাজাহান আলীর পরিবারের সদস্য।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ–এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংসদ সদস্য আমির হামজা বলেন, “এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে ভবিষ্যতে এলাকার সম্মানিত ব্যক্তি ও সাধারণ মানুষও হামলার শিকার হতে পারেন। তাই আমি আইনি ব্যবস্থা নিয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।”

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রুহুল আমীন। তিনি বলেন, “একজন সংসদ সদস্যের পরিবারের সদস্যরা হামলার শিকার হবেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

জীবননগর থানার ওসি সোলায়মান সেখ জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ বলছে, মামলার আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave Your Comments