সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

Date: 2026-06-03
news-banner

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রবীণ নেতা A K M Rahmatullah এ কে এম রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মরদেহ বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়েছে।

মরহুমের মেয়ে মানসুরা রহমতুল্লাহ জানান, বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বেলা সাড়ে ৩টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে প্রথমবার ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন।

ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments