নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কের পাশে থামানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ভাগনি ইশাত (১৫)। মঙ্গলবার বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ইশাত দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে সে মতলব দক্ষিণে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজলে রাব্বি তাঁর ভাগনি ইশাতকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কে থামানো একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
চাঁদপুরের অ্যাম্বুলেন্সচালক মো. জসিম ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, হাসপাতালে নেওয়ার আগেই ফজলে রাব্বির মৃত্যু হয়। আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।