ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে দেশটির প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় বুধবার ২১৫–২০৮ ভোটে বিলটি অনুমোদন পায়।
ভোটাভুটিতে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার সদস্যও বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে বিলের পক্ষে ভোট দেন। তারা হলেন থমাস ম্যাসি, ব্রায়ান ফিৎজপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন।
প্রস্তাবিত বিলের উদ্দেশ্য হলো কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যেন একক ক্ষমতাবলে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান শুরু করতে না পারেন। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের যুদ্ধক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপে এটি মার্কিন কংগ্রেসের চতুর্থ উদ্যোগ।
বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপন করা হবে। তবে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে এটি পাস হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া সিনেটে অনুমোদন পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে ভেটো দিতে পারেন। সেক্ষেত্রে ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
ভোটের পর রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, “যুদ্ধ ঘোষণা করার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের। এ ধরনের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।”
ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে ব্যারেট বলেন, “আমি আমার বিবেক অনুযায়ী ভোট দিয়েছি। আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত এবং এর দায়ভার নিতেও প্রস্তুত আছি।”
এদিকে কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ প্রতিনিধি গ্রেগরি মিকস এ ভোটাভুটিকে ইরানে ট্রাম্প প্রশাসনের পরিচালিত ‘অবৈধ ও ব্যয়বহুল’ যুদ্ধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বিদলীয় প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এই উদ্যোগ চলমান সংঘাত বন্ধ করার পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তাঁর মতে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের মাধ্যমে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। বরং এতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল হয়ে উঠেছে।