শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

Date: 2026-06-04
news-banner

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামে বর্তমান ইউপি সদস্য কপিল উদ্দিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave Your Comments